এটা মহাভারতের যুদ্ধ, আমি অর্জুন, মিহির দূর্যোধন, সত্যের জয় হবে, মনোনয়ন পেশ করে রবীন্দ্রনাথ
দি নিউজ লায়নঃ নিজেকে মহাভারতের অর্জুন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির মিহির গোস্বামীকে দুর্যোধন বলে আক্রমণ করলেন নাটাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। আজ তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন রবীন্দ্রনাথ বাবু। সেখানে দেখা যায় গ্রেটার নেতা বংশী বদন বর্মণকে। পাশাপাশি দীর্ঘ সময় প্রচার থেকে বাইরে থাকা তৃণমূল নেতা খোকন মিয়াঁকেও এদিন তৃণমূলের ওই প্রার্থীর পাশে দেখা যায়।
এদিন সকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে গিয়ে পূজা দেন রবীন্দ্রনাথ বাবু। সেখান থেকে তিনি ভবানীগঞ্জ বাজারের নতুন মসজিদে যান। পরে সেখান থেকে সরাসরি তুফানগঞ্জের দিকে রওনা হন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন রবীন্দ্রনাথ বাবু। সেখানেই তিনি বলেন, “এটা মহাভারতের যুদ্ধ। এই যুদ্ধে নাটাবাড়ি কেন্দ্রে আমি অর্জুন। আর আমার দাদা মিহির গোস্বামী দুর্যোধন। মহাভারতের যুদ্ধে কৌরব পক্ষের যা হয়েছিল। এবার নির্বাচনেও তাই হবে।” মদনমোহন মন্দিরে পূজা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি বাবুর মহাভারতের প্রসঙ্গ এড়িয়ে মিহির গোস্বামী। তিনি ব্যাক্তি আক্রমণে না গেলেও নাটাবাড়ি কেন্দ্রে নির্বাচনের এই যুদ্ধে এক ইঞ্চি মাটিও যে ছেড়ে দেবেন না, সেটা স্পষ্ট ভাবে জানিয়ে দেন।

Post a Comment